
বিশেষ প্রতিনিধি
ইকবাল হোসেন:
ময়মনসিংহের ভালুকায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম, সেবা গ্রহণের পদ্ধতি এবং এর মাধ্যমে অল্প সময়ে ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির বিষয়ে সচেতনতা তৈরিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সম্প্রতি ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদে এ ভিডিও শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রাম আদালতের সেবা সম্পর্কে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় জনগণকে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতের সেবা গ্রহণে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদ উল্লাহ, উপজেলা কো-অর্ডিনেটর মো. মশিউর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সিরাজুল ইসলাম পাঠান, মো. আনিস আকন্দ ও জহিরুল ইসলাম রাসেল মিয়া।
আয়োজকরা জানান, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনগণের ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের ভিডিও শো ও প্রচার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে গ্রাম আদালতের প্রচারণামূলক বার্তা হিসেবে তুলে ধরা হয়— “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার শেষে চলো যাই গ্রাম আদালতে।”
এ কার্যক্রম ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ—৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।