
ত্রিশাল প্রতিনিধি
ইকবাল হোসেন :
নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির পর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় নবম জাতীয় বেতন স্কেল অনুমোদনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর আয়োজনে
আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাকিব, কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক সুমন মিয়া।
এ সময় পে-স্কেল আন্দোলনে আহত কর্মচারী হারুনুর রশিদ, রানা ও রোকনুজ্জামানকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের আন্দোলনে ভূমিকা ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ মন্ত্রিসভায় অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করেছে। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।