
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদে বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় সুইজারল্যান্ড সরকারের সহায়তায়, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ইএসডিও-গোফরইমপ্যাক্ট প্রকল্প ও ইউনিয়ন পরিষদের আয়োজনে জনগণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার উন্নয়ন চাহিদা, বিদ্যমান সমস্যা ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। স্থানীয় জনগণ তাদের নিজ নিজ এলাকার সড়ক যোগাযোগ, পানি ও স্যানিটেশন, পরিবেশ, অবকাঠামোসহ বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন পাড়ইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মোহাম্মদ সাইফুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরুল কায়েস,ইএসডিও এর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এবং ইএসডিও-এর প্রতিনিধিবৃন্দ। এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, জনগণের উন্নয়ন চাহিদা ও অগ্রাধিকারকে ভিত্তি করে পাঁড়ইল ইউনিয়নের একটি খসড়া বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। পরিকল্পনা প্রণয়নের আগে বিভিন্ন ওয়ার্ড সভা, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সভা এবং ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি (UDCC) সভা থেকে স্থানীয় জনগণের মতামত ও চাহিদা সংগ্রহ করা হয়। এসব সভায় প্রাপ্ত প্রস্তাব ও অগ্রাধিকারের ভিত্তিতেই খসড়া পরিকল্পনাটি তৈরি করা হয়েছে।
উন্মুক্ত অংশীজন সভায় ইউনিয়ন পরিষদ খসড়া পরিকল্পনাটি জনগণের সামনে উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও সংশোধনের প্রস্তাব দেন।
বক্তারা বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হলে তা আরও বাস্তবভিত্তিক, জনবান্ধব ও কার্যকর হয়। পাশাপাশি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়।
সভায় প্রাপ্ত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের মাধ্যমে পাঁড়ইল ইউনিয়নের বার্ষিক উন্নয়ন পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।