
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর ক্রীড়া অঙ্গনে নতুন কার্যক্রম শুরু হয়েছে। নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক জাহিদুল ইসলাম ধলুর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও উদ্যোগে জেলা স্টেডিয়ামকে কেন্দ্র করে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও স্ট্রাইকার মোহাম্মদ এনামুল হক।
একসময় জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করেছেন মোহাম্মদ এনামুল হক। দীর্ঘ পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষে তিনি এখন নিজ জন্মস্থান নওগাঁর ক্রীড়া উন্নয়নে কাজ করছেন। তার দীর্ঘদিনের খেলাধুলার অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জেলার ক্রীড়া অঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা স্টেডিয়ামকে কেন্দ্র করে ক্রীড়া অবকাঠামো ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, তাদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তুলে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাহিদুল ইসলাম ধলু ও মোহাম্মদ এনামুল হকের যৌথ উদ্যোগে জেলা স্টেডিয়ামের কার্যক্রমে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, সাবেক এই জাতীয় ফুটবলারের অভিজ্ঞতা এবং স্থানীয় ক্রীড়া সংগঠকদের সমন্বিত প্রচেষ্টায় নওগাঁর খেলাধুলায় নতুন গতি সৃষ্টি হবে।
স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের প্রত্যাশা, ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে নওগাঁ থেকে ভবিষ্যতে আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি জেলা স্টেডিয়ামকে ঘিরে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি উৎসাহিত হবে।