
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী এবং উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার আটটি ইউনিয়নে মোট ৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
নিয়ামতপুর থানা ভবনের অভ্যন্তরে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) আবু তালেব, সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম, সাব-ইন্সপেক্টর এমদাদসহ থানার অন্যান্য পুলিশ সদস্য। এ ছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা মন্দির কমিটির সভাপতি ভীম চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ডালিম কুমার বর্মন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, স্বেচ্ছাসেবক নিয়োগ, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসন ও মন্দির কমিটির নেতাদের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে পূজা উদ্যাপনে পুলিশ প্রশাসন, মন্দির কমিটি এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যাতে গুজব ছড়িয়ে বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সন্দেহজনক ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, এ বছর নওগাঁর নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নে মোট ৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও মন্দির কমিটির নেতাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।