
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে মাদকের ভয়াবহ বিস্তার, প্রকাশ্যে কেনাবেচা ও সেবন বন্ধসহ চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ১ নম্বর ওয়ার্ডের সচেতন জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদী র্যালি অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার সর্বস্তরের ১০০টিরও বেশি পরিবারের সদস্য, তরুণ ও যুবসমাজ অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এবং ‘মাদক নয়, জীবন চাই’ স্লোগানসংবলিত ব্যানার ও পোস্টার দেখা যায়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অধীনস্থ উদয়ন মোড়, জিয়ানগর, প্রান্তিকপাড়া, হাড্ডিপট্টি, চণ্ডীতলা এবং রেলবাগান এলাকায় সম্প্রতি আশঙ্কাজনকভাবে মাদকের বিস্তার ও কেনাবেচা বেড়েছে। প্রকাশ্যে মাদক সেবনের কারণে তরুণ ও যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয় ঘটছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন যুবদল নেতা মো. শওকত আলী। তিনিসহ অন্যান্য বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর জোর দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে বাঁচাতে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মাদকমুক্ত পরিচ্ছন্ন সমাজ গড়তে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।”
মানববন্ধন শেষে একটি সুশৃঙ্খল প্রতিবাদী র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।