
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ১৫০ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ মো. শামীম হোসেন ওরফে ফটিক (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর, ২০২৬) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের পাকা রাস্তার ওপর এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত শামীম হোসেন ফটিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর (স্থায়ী ঠিকানা: সুন্দরপুর ইউনিয়নের নবাব জায়গীর আলতাফ হোসেন টোলা) গ্রামের মো. জালাল উদ্দীনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা যুবসমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং ডিবি ওসির তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সাজজাদ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান চালায়।
ডিবির আভিযানিক দলটি নরেন্দ্রপুর থেকে হাকিমপুর বিওপিগামী পাকা রাস্তার ওপর ওত পেতে থেকে সন্দেহভাজন ফটিককে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫০ গ্রাম হালকা বাদামী বর্ণের হেরোইন, একটি নীল রঙের স্প্লেন্ডর ১০০ সিসি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, মাদক কারবারি ফটিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এক বার্তায় জানায়, সন্ত্রাস, মাদক ও চোরাচালানমুক্ত জেলা গড়ে তুলতে যেকোনো তথ্য দিয়ে পুলিশের পাশে থাকার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।