
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ মো. মোরসালিন (২১) নামের এক তরুণকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে এই অভিযান চালায়। আটক মোরসালিন একই গ্রামের সেনাউলের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় বিজিবি। এ সময় তল্লাশি চালিয়ে মুরছালিনের কাছ থেকে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।