
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল চাবিকাঠি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম এবং তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক।
মাঠপর্যায়ে প্রায় ৮৯ জন তথ্য সংগ্রহকারী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। তাদের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্টদের আশা, তথ্য সংগ্রহকারীদের আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও জনগণের আস্থার মাধ্যমে সরকারের এ সেবা কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা রইল।