
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলে মিরাজ উদ্দিনের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া গ্রামে নিহত জেলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় মাহবুবের রহমান শামীম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি পরিবারটির আর্থিক সংকট বিবেচনায় নগদ অর্থসহায়তা এবং ভবিষ্যতে পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি নিহত জেলের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম থেকে ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্ণফুলী নদীতে ডুবে যায় একটি মাছ ধরার ট্রলার। এ ঘটনায় ট্রলারে থাকা জেলেদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। পরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর আকমল আলী ঘাটসংলগ্ন এলাকা থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই জেলে হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন।
ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এমন পরিস্থিতিতে নিহত মিরাজ উদ্দিনের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।