
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি গাঁজার গাছ উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নওগাঁ সদর উপজেলার কাদিমপুর গ্রামের এনাজুল হক (৫৮) নামে এক ব্যক্তির সবজিক্ষেতে অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর ক্ষেত থেকে পরিচর্যা করা একটি গাঁজার গাছ স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা হয়। এনাজুল হক ওই গ্রামের মৃত মুনছের আলীর ছেলে।
অপরদিকে, নওগাঁ সদর থানাধীন চকতারতা গ্রামের একটি মেহগনি বাগানের আশপাশে মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সন্দেহভাজন লিটন বাবু (পিতা মৃত মোজাম্মেল, সাং দাসকান্দি, নওগাঁ) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর হাতে থাকা কালো শপিং ব্যাগ তল্লাশি করে ১০টি করে ১৫ পাতায় মোট ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে এসব ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।