
শরিফুল হাসান,সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন এ আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, স্কাউট ও কাব একটি আন্তর্জাতিক আন্দোলন। এ আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নিয়মকানুন এবং জীবনের নানা বাধা-বিপত্তি মোকাবিলার শিক্ষা পায়। প্রাথমিক পর্যায়ে কাব আন্দোলন আরও বিস্তৃত করতে হবে। এ কার্যক্রমে আরও বেশি শিক্ষার্থীকে যুক্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষার পাশাপাশি আমাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও অব্যাহত রাখতে হবে।’ কিছুদিন পর প্রাথমিক বিদ্যালয়ের কম বয়সী শিক্ষার্থীদের নিয়েও নতুন একটি কার্যক্রম শুরু করা হবে। একটি সুন্দর বাংলাদেশ গড়তে তাদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, সালথা উপজেলার আটটি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে গট্টি ও বল্লভদী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পর্যায়ক্রমে অন্য ইউনিয়নগুলোর শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।