
শরিফুল হাসান,সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, আমি যেহেতু আটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, তাই আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের সবার প্রিয় নেত্রী ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সহযোগিতায় হাসান আশরাফ আটঘর ইউনিয়নে বিএনপির দলীয় সমর্থন পাবেন। দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামে হাসান আশরাফের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে শাহিনুর রহমান এ ঘোষণা দেন। এ সময় হাসান আশরাফের নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা এবং তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৈঠকে শাহিনুর রহমান বলেন, হাসান আশরাফ একজন ত্যাগী, পরিশ্রমী ও জনসম্পৃক্ত নেতা। দীর্ঘদিন ধরে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছেন। আটঘর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর প্রতি আস্থা রেখেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছি। ইউনিয়নের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।
এ সময় আটঘর ইউনিয়নবাসীর উদ্দেশে শাহিনুর রহমান বলেন, “আপনারা কোনো মাদকসেবী, চাঁদাবাজ ও সন্ত্রাসীকে ভোট দেবেন না। নির্বাচন সামনে রেখে কেউ কেউ মাদক সেবন করে এসে মাদকের বিরুদ্ধেই কথা বলছেন। এসব ভণ্ড ও প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাঁরা যেন কোনোভাবেই আটঘর ইউনিয়নের জনপ্রতিনিধি হতে না পারেন, সে বিষয়ে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানাই।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, বিএনপি নেতা ভুট্টো মাতুব্বর, হাবিবুর রহমান হাবিবসহ আটঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, দলীয় সমর্থন এবং সাংগঠনিক ঐক্য নিয়ে আলোচনা করেন।