
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় দুই মোটরসাইকেল ও
বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে
আরও ৩ জন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-দড়িগোবিন্দপুর
গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) ও একই গ্রামের
ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক
শহিদুল ইসলাম কারিগরি স্কুল এন্ড কলেজের ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল
এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র ছিলো।
স্থানীয়রা জানায়, রাত ৮ টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে
পার্শবর্তী বয়েরাতলা বাজারে যাচ্ছিলো। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি
এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও
বাইসাইকেলের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। সেখান
থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব,
আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে রেফার্ড করে। ফরিদপুরে যাওয়ার
পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে
অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।