
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর থানাধীন খরনা ভাদাইকান্দি গ্রামের আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। র্যাব-৪ মিরপুরের সহযোগিতায় শাজাহানপুর থানা পুলিশ ২৪ আগস্ট ভোর সাড়ে ৫টায় ঢাকা মিরপুর থানাধীন মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
মামলার সূত্রে জানা যায়, ২৮ জুলাই ২০২৫ সকাল ১০টা ৩০ মিনিটে ভাদাইকান্দি গ্রামের মোঃ আল আমিন (৩০) নামের এক যুবক বগুড়া শহরের নিউমার্কেটে ব্যবসার কাজে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে গ্রামের একদল সন্ত্রাসী বাঁশের লাঠি, লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে মারা যান।
ঘটনার পর নিহতের চাচা মোঃ জাহিদ হাসান বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৪১, তারিখ-৩০-০৭-২০২৫)। মামলায় ১৩ জনকে আসামী করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. মোঃ বাশির আহম্মেদ (২৬)
২. মোঃ নাজির হোসেন (২৮)
উভয়ের পিতা মৃত আঃ লতিফ, সাং-ভাদাইকান্দি, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে শাজাহানপুর থানায় সংঘটিত একাধিক গুরুতর মামলায় তাদের চার্জশীটভুক্ত আসামী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।