
পাবনা জেলা প্রতিনিধি
মোঃ গোলাম মোস্তফা :
পাবনার চাটমোহর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর বিশেষ অভিযানে একটি বিদেশী রিভলবার ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুয়াবাসী গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত যুবকের নাম রিপন মন্ডল (২৬)। তিনি ওই গ্রামের আদম মন্ডলের ছেলে।
র্যাবের পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক জানান, র্যাব-১২, সিরাজগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানার কুয়াবাসী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রিপন মন্ডলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী রিভলবার এবং গুলি উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার এনামুল হক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মন্ডল অস্ত্রটি নিজের কাছে রাখার বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, “রিপন মন্ডলকে আটক করার পর অস্ত্রসহ চাটমোহর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রিপন মন্ডল কিছুদিন ধরে এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। র্যাবের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাবনা জেলায় অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানে র্যাব ও পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।