
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে পড়ে আনাস (আড়াই) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লা কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনাস ওই গ্রামের রিপন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠোনে খেলাধুলা করছিল আনাস। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
দ্রুত তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।