
স্টাফ রিপোর্টার:
উমর ফারুক
নাটোরের বড়াইগ্রামে জোনাইল কলেজ শাখার ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে আনা টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যমূলক দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জোনাইল বাজারে জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিসান হাসান। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত।
আমরা কারও বাড়িতে যাইনি কিংবা কারও টাকা বা গয়না নিইনি।ফুল কুমারী গোমেজ নিষিদ্ধ সংগঠন আওয়ামী ফ্যাসিস্টের দোসর,দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে কার্যক্রম চালিয়ে আসছিল এবং তাদেরকে নিজের কার্যক্রম সংঘটিত রাখার জন্য, অনৈতিক কার্যকলাপ পরিচালনা করত এবং এলাকায় অবৈধভাবে মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত।
আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গাতে থাকার জের ধরেই তিনি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই অভিযোগ করেছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা আমাদের সামাজিক ভাবে হেয় করার জন্য ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই—ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্য উদঘাটন করা হোক এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নয়ন হোসেন, ছাত্রদলকর্মী কামরুল ইসলাম, হৃদয় হাসানসহ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাঁরা প্রশাসন, সংবাদমাধ্যম ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছেন যেন প্রকৃত সত্য সামনে আসে এবং নির্দোষ তরুণদের হয়রানি করা না হয়।