
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ-৪ সংসদীয় আসন (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদর উপজেলার আংশিক) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্যের সহধর্মিণী মুর্শিদা জামান বেল্টু।
মঙ্গলবার (২৩শে ডিসেম্বর ) দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আশরাফ হোসেন স্বপন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, বিএনপি নেতা আকিমুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মুর্তজা জিকো এবং ছাত্রদল নেতা নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুর্শিদা জামান বেল্টু বলেন,আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। এখানে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন এবং প্রতিযোগিতাও আছে। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে।
তিনি আরও বলেন,দলীয় মনোনয়ন যেই পাক না কেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করবো। ধানের শীষের প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই।
এ সময় তিনি এলাকাবাসী ও ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।