
বিশেষ প্রতিনিধি:
কালিন্দী ইউনিয়ন বিএনপির নতুন পার্টি অফিস উদ্বোধন উপলক্ষে গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০-ই জানুয়ারী) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য জনাব আমানউল্লাহ আমান। তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর আপোষহীন ভূমিকা ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন কালিন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেজবাউদ্দীন মিজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহ-সভাপতি সাইদুর রহমান আংকু, সদস্য ও জনতার চেয়ারম্যান সামছুল হক লিটন এবং সদস্য গিয়াসউদ্দিন ডিপটি। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, নতুন পার্টি অফিসটি কালিন্দী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা জোগাবে।