
ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমার বিশ্বাস এবারের নির্বাচনকে কেউ বন্ধ করতে পারবে না, কেউ বানচাল করতে পারবে না। জনগণ এবার ভোট দেওয়ার পণ করেছে।”
রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের কাজিপাড়া ঈদগাহ মাঠ, মাস্টারপাড়া মাদ্রাসা মাঠ, ৭ নম্বর ওয়ার্ডের গিলাবাড়ি বাজার ও মাতৃগাঁও চৌরাস্তায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অতীতে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। কিছু মানুষ সবসময় নির্বাচন বানচালের চেষ্টা করে। কিন্তু এবার দেশের মানুষ জেগে উঠেছে। আগের নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, তাই এবার তারা পণ করেছে ভোট দেবে। তিনি বলেন, জনগণ নিজের ভোট নিজেই পাহারা দেবে। হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।
নিজ দল ও রাজনৈতিক আদর্শ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমরা এমন নেতা চাই না, যে বিপদের সময় নেতা-কর্মীদের ছেড়ে পালিয়ে যায়। আমরা চোর-ডাকাতের দল করি না। আমরা শহীদ জিয়ার আদর্শের দল করি, আমাদের একটি আদর্শ আছে।”
তিনি নেতা-কর্মীদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে বলেন, নির্বাচনী প্রচারণায় আমাদের কেউ যদি আগ বাড়িয়ে কিছু করে থাকে, তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ কিছু করে থাকলে তাদের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাই।
সভায় এক সমর্থকের দেওয়া ডিম ও মাটির ব্যাংক পেয়ে আবেগাপ্লুত হয়ে তিনি মাগফেরাত কামনা করেন। পরে ভোট প্রার্থনা করে বলেন, “বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ। আগামী ১২ তারিখের নির্বাচনে এই মার্কায় ভোট দিয়ে শেষবারের মতো জনগণের সেবা করার সুযোগ করে দেবেন।”
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।