
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে সকালেই শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ।
সচিবালয় সূত্রে জানা গেছে, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি থাকবে। বিশেষ করে ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার। এরপর দ্রুতই মন্ত্রিপরিষদের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।