
নিজস্ব প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০-ই ফেব্রুয়ারি) বিকেলে জিনজিরা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি দোকানকে মোট প্রায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করা এবং নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি গরুর মাংসের দোকান ও একটি মুরগির দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব, সার্কেল দক্ষিণ) আফতাব আহমেদ।
অভিযান শেষে ইউএনও মো. উমর ফারুক বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময়ে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত মূল্য আদায় করে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, রমজানজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।