
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আস্থার নাম হয়ে আছেন সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং এলাকার উন্নয়ন ও অধিকার আদায়ের এক পরিচিত মুখ।
ঢাকা-২ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি কেরানীগঞ্জের মানুষের আস্থার প্রতিফলন ঘটিয়েছেন। ধারাবাহিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হওয়াকে স্থানীয়রা তার জনপ্রিয়তা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতার প্রমাণ হিসেবে দেখছেন।
কেরানীগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণ, মসজিদ-মাদরাসা সংস্কার এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা এলাকাবাসী উল্লেখ করেন। অবকাঠামো উন্নয়নসহ নানা সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে গেছে।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালনের পর জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে মন্ত্রিত্বের দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতারও পরিচয় দেন।
সাম্প্রতিক সময়ে কেরানীগঞ্জে বিভিন্ন মতবিনিময় সভা, সামাজিক অনুষ্ঠান এবং এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আবারও আলোচনায় আসেন। এসব আয়োজনে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার স্বার্থে আমান উল্লাহ আমান সব সময় সোচ্চার। সুখে-দুঃখে পাশে থাকা এবং জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাই তাকে কেরানীগঞ্জের ‘অহংকার’ হিসেবে পরিচিত করেছে।
কেরানীগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে তার এই ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।