
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর পণ্য বিতরণকে কেন্দ্র করে এক অসহায় মহিলাকে মারধরের হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক পাতি নেতা ও ডিলারদের বিরুদ্ধে। ঘটনাটি শহরের ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ঘটেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিতরণের জন্য নির্ধারিত স্থানে টোকেন বিতরণ করা হচ্ছিল। এ সময় এক অসহায় মহিলা টোকেন চাইতে গেলে দায়িত্বরত স্থানীয় এক নেতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি ওই মহিলাকে টোকেন না দিয়ে উল্টো মারধরের হুমকি দেন এবং প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলাটি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টোকেন পাওয়ার জন্য অনুরোধ করছিলেন। কিন্তু সংশ্লিষ্ট নেতা তাকে টোকেন না দিয়ে অপমান করে তাড়িয়ে দেন। এ সময় তার আচরণে উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
ভুক্তভোগী ওই মহিলা বলেন, “আমি গরিব মানুষ, টিসিবির পণ্য নিতে এসেছিলাম। কিন্তু আমাকে টোকেন না দিয়ে উল্টো অপমান করা হয়েছে এবং মারধরের ভয় দেখানো হয়েছে। আমরা গরিব মানুষ, আমাদের সঙ্গে এমন আচরণ কেন করা হবে?”
এছাড়া স্থানীয়দের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণে দীর্ঘদিন ধরেই অনিয়ম, স্বজনপ্রীতি ও অস্বচ্ছতা চলছে। প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ টোকেন না পেলেও প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়-স্বজন ও পরিচিতদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে টোকেন বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বকুল তার সোসিয়াল মিডিয়ায় মন্তব্য জানান, অনেকেই সারাদিন অপেক্ষা করে টিসিবির পণ্য কিনলেও পরে দেখা যাচ্ছে খেজুরে পোকা রয়েছে এবং কিছু ক্ষেত্রে পণ্যের ওজন কম দেওয়া হচ্ছে। রমজান মাসকে সামনে রেখে এ ধরনের অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলেন, “গরিব মানুষ কম দামে পণ্য কিনতে আসে, কিন্তু এখানে এসে প্রতারণার শিকার হচ্ছে।”
স্থানীয় সচেতন মহল টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, গরিব মানুষের জন্য সরকারের এই সহায়তা কর্মসূচি যাতে কোনোভাবেই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
তবে স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সাধারণ মানুষের আশা পূরণ হবে।