
নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (৭ মার্চ) রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন— রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)। মাসুদের বাড়ি পটুয়াখালী জেলায় এবং আলমগীরের বাড়ি ঢাকায় বলে জানা গেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার পর তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ দল।
এসটিএফ সূত্র জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় মামলা করা হয়েছে। রোববার তাদের স্থানীয় আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।