
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন লাগার আতঙ্কে রোগী, স্বজন ও কর্মরত স্টাফরা হাসপাতাল থেকে বের হয়ে পড়েন। এসময় তাড়াহুড়ো করে ৬ তলা ভবন থেকে নামতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন।
রবিবার (৮-ই মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুনের কোনো ঘটনা না পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা যায়, হাসপাতালের ৬ষ্ঠ তলায় এক রোগীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। হঠাৎ করে সিলিন্ডারটি লিকেজ হয়ে বিকট শব্দে দ্রুত গতিতে অক্সিজেন বের হতে শুরু করে। এতে মুহূর্তের মধ্যে ৬ষ্ঠ তলার মহিলা ওয়ার্ড অন্ধকার হয়ে যায়। আগুন লাগার আশঙ্কায় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে যান।
এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৫ জন আহত হন।
খবর পেয়ে হাসপাতালের আরএমও ডা. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে আসেন। পরে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল হাসপাতালে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তারা আগুনের কোনো আলামত না পেয়ে রোগী ও স্বজনদের আশ্বস্ত করেন। এরপর রাত ১১টার দিকে রোগীরা আবার নিজ নিজ শয্যায় ফিরে যান।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, অক্সিজেন সিলিন্ডার লিকেজের কারণে আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।