
নিয়ামতপুর(নওগাঁ)সংবাদদাতা:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় শিশুসহ একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, নিহত হাবিবুর রহমান একজন গরু ব্যবসায়ী ছিলেন। গত সোমবার হাটে গরু কেনাবেচা করে তার কাছে প্রায় তিন লাখ টাকা ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ওই টাকার লোভে ডাকাতদল বাড়িতে হানা দেয়। ডাকাতরা নগদ টাকা ও হাবিবুর রহমানের স্ত্রীর কানে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (২১-ই এপ্রিল) ভোরে হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন ছেলের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে ঘরে প্রবেশ করে তিনি ছেলে, পুত্রবধূ এবং দুই নাতি-নাতনির রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন, বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (২৬), ছেলে পারভেজ ইসলাম (১০) এবং মেয়ে সাদিয়া রহমান (৩)।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ডাকাতদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় পরিবারের সবাইকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
ঘটনার পর এলাকাজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।