
ইকবাল হোসেন
ত্রিশাল,প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা কার্যক্রম। দিন-রাত এক করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার রাতের ঘুম ও দিনের আরাম যেন হারাম হয়ে গেছে।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক দিক-নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ত্রিশাল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। ওসি মনসুর যোগদানের পর থেকে ত্রিশাল থানা এলাকায় অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
এছাড়াও ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপির কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন।
পুলিশ সপ্তাহ অনুষ্ঠান শেষে জেলায় ফেরার পথে ত্রিশাল থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে কবি নজরুল জয়ন্তী উপলক্ষে ত্রিশালজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জানা গেছে, আগামী ২৩ মে দুপুরে ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখন তুঙ্গে।