
শাহেদ আহমেদ, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার ৬ নম্বর ভোমরা ইউনিয়নে খেলা দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় সজিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ভোমরা এভার গ্রীন ক্লাব মাঠসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব ভোমরা ইউনিয়নের বাসিন্দা হাসানের ছেলে। আহতরা হলেন আশিক, জয় ও তাজিম। দুর্ঘটনায় আহতদের মধ্যে আশিকের একটি পা, জয়ের একটি হাত এবং তাজিমের কোমরের হাড়ে গুরুতর আঘাত লেগেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, ভোমরা এভার গ্রীন ক্লাবের মাঠে খেলা চলছিল। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক সেখানে উপস্থিত হন। এ সময় কয়েকজন দর্শক মাঠের পাশের কবরস্থানের গেটের ছাদে দাঁড়িয়ে খেলা উপভোগ করছিলেন। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই গেটের পুরোনো ছাদটি বিকট শব্দে ভেঙে পড়ে। এতে ছাদের নিচে থাকা কয়েকজন দর্শক চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় সজিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে বুকে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আহত আশিক, জয় ও তাজিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ায় মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়।
এদিকে সজিবের মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাস্থলের স্থাপনাটি কতটা ঝুঁকিপূর্ণ ছিল তা তদন্ত করে দেখা প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।