
শাহেদ আহমেদ, সাতক্ষীরা
বাড়িকে যেন ভেজাল সার-কীটনাশকের গুদাম বানিয়েছিলেন সাতক্ষীরার তালার ব্যবসায়ী মশিয়ার রহমান। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে তার বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা পণ্য ধ্বংসেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের নকল ও ভেজাল সার-কীটনাশক মজুতের বিষয়টি ধরা পড়ে।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু পণ্য মজুত নয়, এসব নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাতের অভিযোগেরও সত্যতা পাওয়া যায়। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মশিয়ার রহমানকে এক মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার বাড়ি থেকে জব্দ করা নকল ও ভেজাল সার-কীটনাশক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নকল ও ভেজাল সার-কীটনাশক কৃষি উৎপাদন ও কৃষকদের জন্য ক্ষতিকর। অভিযানে মশিয়ার রহমানের বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।