
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর সঙ্গে শিক্ষকবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এম আকবর আলী তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, শিক্ষা-ভাবনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা শিক্ষকদের সামনে তুলে ধরেন। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ইংল্যান্ড ও মালয়েশিয়ার শিক্ষাব্যবস্থা, পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে নিজের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।
এ সময় তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কেবল পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বাস্তবজীবনের উপযোগী করে গড়ে তোলাই শিক্ষার প্রকৃত সার্থকতা।
মতবিনিময় সভায় লায়ন মোমেন আলী প্রতিষ্ঠাতা এম আকবর আলীর সঙ্গে দীর্ঘদিনের পথচলার স্মৃতিচারণ করেন। তিনি আবেগ ও আন্তরিকতার সঙ্গে তুলে ধরেন, কীভাবে এম আকবর আলীর স্বপ্ন, শ্রম, দূরদর্শিতা ও নিরলস প্রচেষ্টায় গড়ে উঠেছে সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এবং মোমেনা আলী বিজ্ঞান স্কুল।
আলোচনা ও স্মৃতিচারণে উঠে আসে উল্লাপাড়ার সন্তানদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টির এক স্বপ্নের গল্প। সেই স্বপ্নের ধারাবাহিকতায় সরকারি আকবর আলী কলেজ আজ একটি বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সভায় বক্তারা প্রতিষ্ঠানের অতীতের গৌরব, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠাতার অভিজ্ঞতা, শিক্ষকদের মেধা ও আন্তরিকতা এবং কলেজ প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, মানসম্মত, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ নূরুল আলমসহ কলেজের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
সভাটি শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি প্রতিষ্ঠানের ঐতিহ্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন করে অনুপ্রেরণা জোগায়।
অতীতের অভিজ্ঞতা হোক ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা, শিক্ষার আলোয় আলোকিত হোক উল্লাপাড়া।