
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের ভেড়ম গ্রামে একই পরিবারের পাঁচ সদস্য খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) তারা নওগাঁ আদালতে উপস্থিত হয়ে মাওলানা ও ইমাম সাহেবের মাধ্যমে কালেমা তাইয়্যেবা ও কালেমা শাহাদাৎ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।
ইসলাম গ্রহণকারীরা হলেন—ভেড়ম গ্রামের বাসিন্দা পিউস মুর্মু, ইসলাম গ্রহণের পর তাঁর নাম মোঃ আবু মুসা। তাঁর স্ত্রী মগদালিনা সরেন, ইসলাম গ্রহণের পর নাম মোছাঃ ফাতেমা বিবি। তাদের তিন সন্তান হলেন—আন্তনী মুর্মু, বর্তমান নাম মোঃ হাসান; ফুলমনি আন্না, বর্তমান নাম মোছাঃ আমেনা এবং পিত্তর মুর্মু, বর্তমান নাম মোঃ হোসাইন।
জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিবারের পাঁচ সদস্য নওগাঁ আদালতে উপস্থিত হন। সেখানে মাওলানা ও ইমাম সাহেবের মাধ্যমে কালেমা পাঠ করে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে বিজ্ঞ আদালতে এফিডেভিটের মাধ্যমে নিজেদের ধর্ম পরিবর্তনের বিষয়টি ঘোষণা করেন।
এফিডেভিটে তারা উল্লেখ করেন, কোনো ধরনের চাপ, ভয়ভীতি, প্রলোভন বা জবরদস্তির কারণে নয়, বরং নিজেদের ইচ্ছা, বিশ্বাস ও সিদ্ধান্তের ভিত্তিতেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর ইসলামী বিধি-বিধান অনুযায়ী নামাজ, রোজাসহ ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ইসলামের দৃষ্টিতে মানুষের ধর্মীয় বিশ্বাস ও ইবাদত ব্যক্তিগত বিষয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, “দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই।” (সূরা আল-বাকারা: ২৫৬)। সেই আলোকে নিজেদের ইচ্ছায় ইসলাম গ্রহণের সিদ্ধান্তকে তারা জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন।
একই পরিবারের বাবা-মা ও তিন সন্তান একসঙ্গে ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়। নতুন মুসলিম পরিবারটির সদস্যরা ইসলামের শিক্ষা ও বিধি-বিধান অনুসরণ করে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
তাদের এই নতুন পথচলায় স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ ও মুসলিম সমাজের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।