
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল— ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সাজু, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, শাফিউল ইসলাম ও আব্দুল আজিজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নতির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি, উদ্ভাবনী চিন্তা ও কর্মক্ষেত্রে দক্ষতার সমন্বয়ের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে একই সময়ে ও একই সম্পদ ব্যবহার করে অধিক ও মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন করা সম্ভব হবে। তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।