
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
সারা দেশে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। কালীগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলতে চাই, তার উসকানিতে এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে আপনাদের অবস্থাও শেখ হাসিনার মতো হয়।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতারা গত সংসদ নির্বাচনে গোপনে দাড়িপাল্লার সঙ্গে লিয়াজোঁ করে ভোট দিয়েছেন। এখন তাদের উসকানিতেই আওয়ামী লীগ বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।’
শেখ হাসিনার প্রসঙ্গে এম এ মজিদ বলেন, ‘শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। তিনি দিল্লি থেকে আর দেশে আসতে পারবেন না।’ তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভালো হয়ে যান, নইলে হাত-পা থাকবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ নেতা তবিবর রহমান মিনি এবং ডা. নুরুল ইসলাম।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।