
বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারে আগাম সিল, বাক্স নিয়ে প্রবেশের চেষ্টা ও লিফলেট বিতরণের অভিযোগ।
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ৪টা পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারে আগাম সিল, ভোটকেন্দ্রে লিফলেট বিতরণ, একাধিক ব্যালট বাক্স নিয়ে প্রবেশের চেষ্টা এবং ভুয়া ভোটার শনাক্তের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় ভোটার ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
এদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সাল আমিন এবং জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে ভোটগ্রহণ ও গণনা শেষ হওয়ার আগে নির্বাচনের ফলাফল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ভোটকেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে জরিমানা
উপনির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নির্বাচনী কর্মকর্তাদের বরাতে জানা যায়, জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে লিফলেট বিতরণের বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই নেতাকে জরিমানা করেন। জরিমানার পর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
রুহিয়া এলাকার ১০ নম্বর কে গুরোংগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই ব্যালট পেপারের পুরো বইয়ে সিল মেরে রাখার অভিযোগ উঠেছে।
এ ছাড়া ভকদগাজী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ব্যালট পেপারের পুরো বইয়ে একসঙ্গে সিল ও স্বাক্ষর করা থাকার অভিযোগ উঠে এসেছে। কেন্দ্রের ভেতরে অতিরিক্ত লোকজনের উপস্থিতি নিয়েও অভিযোগ উঠেছে।
একাধিক ব্যালট বাক্স নিয়ে প্রবেশের চেষ্টায় আটক
ঠাকুরগাঁও সদর উপজেলার পাটিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একাধিক ব্যালট বাক্স নিয়ে প্রবেশের চেষ্টার সময় শেখ স্বাধীন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সুত্র অনুযায়ী, ভোটগ্রহণ চলাকালে সন্দেহজনকভাবে একাধিক ব্যালট বাক্স নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন। এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দানারহাটে তিন ভুয়া ভোটার আটক
অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনের দানারহাট ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে তিনজন ভুয়া ভোটারকে আটক করার খবর পাওয়া গেছে।
ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন।
এব্যাপারে বিভিন্ন কেন্দ্রে ওঠা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং তদন্তের ফল রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায় নি।ভোটগ্রহণ শেষ হয়েছে । বিভিন্ন কেন্দ্রে ব্যালট গণনা চলছে । ফলাফল ঘোষণার মধ্য দিয়েই নির্বাচনের চূড়ান্ত চিত্র জানা যাবে বলে আশা করছেন ভোটাররা।