
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন করে ৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। এছাড়া শিবগঞ্জে ৬ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৪২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ২ জনকে। বর্তমানে চিকিৎসাধীন ৯৮ জনের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২৯ জন নারী রয়েছেন। এর মধ্যে একাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন।
পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।” তিনি ফুলের টব, অব্যবহৃত পাত্র, ডাবের খোসা ও পরিত্যক্ত টায়ার নিয়মিত পরিষ্কার করার ওপর জোর দেন।
সিভিল সার্জন আরও বলেন, “এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই সপ্তাহে অন্তত এক দিন বাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। পাশাপাশি দিনের বেলায় ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”
জ্বর, মাথাব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তক্ষরণ বা শ্বাসকষ্ট দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।