
বিশেষ প্রতিনিধিঃ
গত ৭ ফেব্রুয়ারি/২০২৫ শিবচর থানায় মিজান কাজী (২০) হত্যা ও লাশ গুমের ঘটনায় একটি হত্যা মামলা রুজু হলে মামলাটির তদন্তে নামে শিবচর থানার একটি চৌকস তদন্ত টিম। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের প্রত্যক্ষ তত্বাবধানে শিবচর সার্কেল এএসপি মো: আজমির হোসেন এবং শিবচর থানার অফিসার ইনচার্জ জনাব রতন শেখের নেতৃত্বে শুরু হয় মামলাটির রহস্য উদঘাটন।
তথ্য প্রযুক্তির সহায়তায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গতকাল ৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় ঘটনার সাথে জড়িত আসামি মো: হান্নান শিকদারকে (২৬)। তার বাবার নাম মো: হুমায়ূন শিকদার, হান্নানের গ্রামের বাড়ি শিকদার হাট, থানা শিবচর, জেলা- মাদারীপুর। হান্নান পেশায় একজন ইট ভাঙা শ্রমিক। মাদকের নেশায় আসক্ত হয়ে জরুরি টাকার প্রয়োজন হলে, সে একই এলাকার অটোভ্যান চালক মিজান কাজীকে টার্গেট করে। অন্যান্য আসামিদের প্ররোচনায় মাত্র দুই হাজার টাকার বিনিময়ে হান্নান অন্যান্যদের সহায়তায় নৃশংস ভাবে খুন করে ভ্যানচালক মিজানকে।
ঘটনার দিন ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টার পর হান্নানসহ অন্যান্য আসামীরা মিজানকে তার অটোভ্যানসহ ৫০০ টাকায় ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে যায়। শিবচর থানার কাদিরপুর ইউনিয়নের দেলোয়ারের ইট ভাটার অদূরে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের আড়ালে নিয়ে প্রথমে চড়-থাপ্পর মারে চারজন মিলে। অতঃপর আসামিদের সাথে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মিজানকে। এক পর্যায়ে মিজান মাটিতে লুটিয়ে পড়লে গলায় ছুরি চালায় আসামি হান্নান।
মিজানের মৃত্যু নিশ্চিত করে মিজানের মোবাইল ফোন, নগদ টাকা আর তার ভাড়ায় চালিত অটোভ্যান নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা। শহরে এসে টাকার ভাগবাটোয়ারা করে চারজন মিলে। গ্রেফতারকৃত আসামি হান্নান শিকদার নগদ ৫০০ টাকা আর ভিকটিমের মোবাইল ফোনটি ভাগে পায়। পরবর্তীতে অটোভ্যান বিক্রি করে সব টাকা ভাগাভাগি করে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় তারা। এরপর সবাই যার যার বাসায় চলে যায়। হান্নান শিকদার পুলিশের ভয়ে তার নিকট থাকা ভিকটিমের মোবাইল ফোনটি ভুট্টা ক্ষেতে ফেলে দেয়। পরবর্তীতে আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার দেখানো মতে ভুট্টা ক্ষেত থেকে ভিকটিম মিজানের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
অদ্য ১০ ফেব্রুয়ারি আসামি হান্নান শিকদারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামি হান্নান বিজ্ঞ বিচারকের নিকট ঘটনায় জড়িত থাকার বিষয়ে তার দোষ স্বীকার করে এবং ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক তার জবানবন্দি প্রদান করে।