
বিশেষ প্রতিনিধি:
মাদারীপুর জেলায় শিবচরে বেপরোয়া বালুর ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল লিমন বেপারী (২১) ও নয়ন (১৮) নামে দুইজন যুবকের।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকার প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের কাছে এ দূর্ঘনাটি ঘটে।
নিহত লিমন বেপারী দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নিহত নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে।তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়,সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন তারা। গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় প্রস্তাবিত সেনাবাহিনীর তেলের পাম্পের কাছে বালুর ড্রাম ট্রাকটি বেপরেয়া গতিতে ভুল পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসতে থাকা মোটরসাইকেলটিকে চাপা দিলে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয় এবং পিছনে থাকা নয়ন গুরুতর আহত হন। নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান,ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজনকে ঢাকায় নেওয়ার পথে। ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।