
ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “আমাদের লক্ষ্য একটাই—এই বাংলাদেশকে একটি সুস্থ রাজনৈতিক, সামাজিক ও শাসন কাঠামোর মধ্যে দিয়ে আগামীর প্রজন্মের জন্য সুন্দরভাবে গড়ে তোলা। নবীন ও প্রবীণদের সমন্বয়ে দেশটিকে নতুন করে সাজাতে হবে, যেখানে হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসা থাকবে না, বরং ঐক্য ও সম্প্রীতির পরিবেশ বিরাজ করবে।”
তিনি বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগরে উন্নয়ন সংস্থা ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” এবং জনসম্পৃক্ততা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন।
এ্যানি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছেন, তা এখন সময়ের দাবি। এই দফাগুলো নিয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং কর্মীদের সচেতন ও সক্রিয় করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ অনুসরণ করেই বর্তমান সময়ের প্রেক্ষিতে তারেক রহমান এই ৩১ দফা উপস্থাপন করেছেন। একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেতে হলে জনগণের সঙ্গে যুক্ত হয়ে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।”
প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জমিউল্লাহ, সাবেক এমপি রাশেদা বেগম হিরা, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, কেন্দ্রীয় নেতা এ্যাড. নেওয়াজ হালিমা আরলীসহ রংপুর ও আশপাশের জেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাইফ মাহমুদ জুয়েল। কর্মশালায় জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ্যানি বলেন, “রাজনীতি সংস্কার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। যে অবস্থা চলছে তা থেকে মুক্তি পেতে হলে রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার প্রয়োজন।”
এই প্রশিক্ষণ কর্মশালা ছিল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত।