
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্পীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও কাজের মানোন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়ায় জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ক্রাফট অ্যান্ড ডিজাইন-আরং, ব্র্যাকের সিনিয়র কনসালটেন্ট চন্দ্র শেখর শাহা। এসময় স্থানীয় প্রশিক্ষক আশরাফুল ইসলাম শাওন, প্রবীণ মৃৎশিল্পী মহেন্দ্র চন্দ্র পাল ও পুলিং চন্দ্র পাল, সমন্বয়ক অ্যাড. রিজভি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ঠাকুরগাঁওয়ের জেলা সমন্বয়ক শরিফা খাতুন।
বক্তারা বলেন, পালপাড়ার কারিগররা প্রজন্মের পর প্রজন্ম ধরে মৃৎশিল্পের সঙ্গে জড়িত। তারা স্থানীয় বাজারের জন্য মাটির ব্যবহার্য সামগ্রী ও টেপা পুতুল তৈরি করলেও যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় এসব পণ্যের চাহিদা কমে গেছে। ফলে অনেকেই পৈতৃক পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। এ ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা ও কাজের মান বাড়াতে এবং নতুন করে পেশায় ফিরিয়ে আনতে সহায়ক হবে।
উল্লেখ্য, ১০ দিনব্যাপী এ কর্মশালায় পালপাড়ার ২০ জন শিল্পী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে মৃৎশিল্পীদের উপকরণ বিতরণ ও প্রদর্শনী আয়োজন করা হয়।