
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিন্নু রাইন ও পৌরসভার পরিদর্শক আলমগীর হোসেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিন্নু রাইন জানান,
“অভিযানকালে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী কোনো দোকানেই বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। পাশাপাশি ছাগী বা বকনা শনাক্তকরণের লেবেল ব্যবহার না করা এবং রুগ্ন পশুর মাংস বিক্রয়ের অভিযোগে দুইজন ছাগল ও একজন গরুর মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়।”
তিনি আরও জানান, অভিযান চলাকালে খাবার অনুপযুক্ত গরুর কলিজা মাটিতে পুঁতে ফেলা হয় এবং অন্যান্য দোকানিদের সতর্ক করা হয়।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম বলেন,
“শহরের বিভিন্ন দোকানে নিম্নমানের মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পুরাতন বাজারের ছাগলের মাংস ব্যবসায়ী মোস্তফা বিশ্বাসকে ১,০০০ টাকা, আব্দুস ছালামকে ৫০০ টাকা এবং কোটচাঁদপুর রোডের গরুর মাংস ব্যবসায়ী হাফিজুর রহমানকে ১,৫০০ টাকা জরিমানা করা হয়।”