
ইকবাল হোসেন
ময়মনসিংহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শহিদুল আমিন খসরু নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন। তাঁর নেতৃত্বে মাঠে নেমেছেন বিএনপি’র নেতাকর্মীরা, যা ত্রিশালের রাজনৈতিক অঙ্গনকে করেছে প্রাণবন্ত ও সরব।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) শহিদুল আমিন খসরুর নেতৃত্বে ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও মোড়ে মোড়ে ব্যাপক গণসংযোগ, নির্বাচনী পথসভা এবং বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে খসরু ও তাঁর সহযোগীরা খোলাবাড়ী বাজার, কইতর বাড়ি বাজার, ভূঁইয়া বাজার, কোনাবাখাইল বাজারসহ একাধিক স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এসময় তাঁরা বিএনপি’র ৩১ দফা রূপরেখা জনগণের কাছে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।
শহিদুল আমিন খসরু বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে। তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতাই হবে এই লড়াইয়ের প্রধান শক্তি।”
এদিকে, খসরুর এই গণসংযোগ ও পথসভা কর্মসূচি এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরাও আশাবাদী হয়ে উঠেছেন আসন্ন নির্বাচনে ধানের শীষের জয়ের সম্ভাবনা নিয়ে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, শহিদুল আমিন খসরুর এই ধারাবাহিক মাঠপর্যায়ের তৎপরতা ত্রিশাল আসনে বিএনপি’র নির্বাচনী অবস্থানকে আরও সুসংহত করেছে।