
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী।
এবারের প্রতিপাদ্য ছিল— “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন”। আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়ে কলেজপাড়াসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সমিতির সদস্য, চিকিৎসক, ওষুধ কোম্পানির প্রতিনিধি, হাসপাতালের নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে শতাধিক নারী-পুরুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৫ জনের ডায়াবেটিস শনাক্ত হয় এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।