
ঠাকুরগাঁও প্রতিনিধি :
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরদার মোস্তফা শাহিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া। তিনি তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মানসম্মত শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক দূরিকরণ, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারসহ সময়োপযোগী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, ডিজিটাল যুগে স্বচ্ছ, উন্নত ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা নির্মাণে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। তরুণ সমাজকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রযুক্তি শিক্ষা, সামাজিক অসঙ্গতি মোকাবিলা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি বলে মত দেন তারা।