
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান জোরদার করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। এরই অংশ হিসেবে বালিয়াডাঙ্গী উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার। এর আগে রোববার গভীর রাতে বালিয়াডাঙ্গী থানা এলাকায় পরিচালিত সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশে অবস্থিত বালিয়া পুকুর কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—
একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড তাজা গুলি
একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদেরশনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
উল্লেখ্য গত রোববার ২১ ডিসেম্বর আশ্রম পাড়া এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পুলিশ আওয়ামী লীগের এক সন্ত্রাসীকে গ্রেফতার করলে স্থানীয় এক নেতা ও তার সাঙ্গপাঙ্গরা তাঁকে ছিনিয়ে নিয়ে পালাতে সাহায্য করে ।এই নিয়ে ঠাকুরগাঁওয়ের সর্বত্রই আলোচনার ঝড় বইছে।