
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি কার্যক্রম তুঙ্গে উঠেছে। জনসভা সফল করতে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জলঢাকার ডাকবাংলা মাঠ পরিদর্শন করেন নীলফামারী-৩ জলঢাকা আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা মজলিসে শূরা সদস্য প্রফেসর ছাদের হোসেন, জলঢাকা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির কামরুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান প্রমুখ। মাঠ পরিদর্শনকালে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ একে একে মাঠে উপস্থিত হন। অতিথিদের আগমনে ডাকবাংলা মাঠ ও আশপাশের এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মী ও সমর্থকরা অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানালে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো ডাকবাংলা এলাকা। এ সময় অতিথিরা জনসভার মঞ্চ নির্মাণ, বসার ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে মতবিনিময় করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে জনসভা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জামায়াতের প্রার্থী ওবায়দুল্লাহ সালাফি গণমাধ্যমকে জানান, আসন্ন জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ১১ দলীয় জোটের জাতীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন। ন্যায়ভিত্তিক রাজনীতি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতেই এ জনসভার আয়োজন। উল্লেখ্য, নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে জলঢাকা উপজেলার সর্বত্র দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।