
নিজস্ব প্রতিবেদক:
গ্রেপ্তারের দেড় বছর পর জামিনে মুক্তি পেয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। বৃহস্পতিবার (১৯-ই ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। একই দিন ঠাকুরগাঁওয়ের একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির একটি মামলায় দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় তাঁর ছেলে ও ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকেও গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এখনো দিনাজপুর কারাগারে রয়েছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে দবিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, কারাগারে পর্যাপ্ত চিকিৎসাসেবা না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং বর্তমানে তিনি চলাফেরায়ও অসুবিধায় ভুগছেন।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি একই কারাগারে অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।