
বিশেষ প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তাঁর গাড়িবহর কার্যালয় প্রাঙ্গণে পৌঁছায়। এ সময় সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নতুন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অফিস শুরুকে কেন্দ্র করে কার্যালয় এলাকায় ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।
কার্যালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রাথমিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। দায়িত্ব পালনের প্রথম দিনেই তিনি প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও গতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এদিন প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরেন তিনি।
বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও উন্নয়ন কামনা করে দোয়া করা হয়।
প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস ঘিরে প্রশাসনিক অঙ্গনে নতুন প্রত্যাশা ও উদ্দীপনার সঞ্চার হয়েছে।