
কেরানীগঞ্জ প্রতিনিধি:
কেরানীগঞ্জ উপজেলা পর্যায়ের ও সংসদীয় এলাকা ১৭৫ ঢাকা-২ এর আওতাধীন সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩-ই ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন, কেরানীগঞ্জে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ, ঢাকা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমান উল্লাহ আমান, মাননীয় সংসদ সদস্য, ১৭৫ ঢাকা-২, কেরানীগঞ্জ, ঢাকা। তিনি তাঁর বক্তব্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। জনগণের সেবা নিশ্চিত করতে দপ্তরসমূহের কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ উজার ফারুক, উপজেলা নির্বাহী অফিসার, কেরানীগঞ্জ, ঢাকা। তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।